সাতক্ষীরায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত ২

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মো. ফয়সাল (২৬) ও মো. সজীব (১৬) নামের দুই যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের অদূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল সদর উপজেলার লাবসা নলকূড়া গ্রামের আবুল কালামের ছেলে ও সজীব মথুরাপুর গ্রামের মুজিবর সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল মঙ্গলবার দুপুরে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১০৬৭২) তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যান। এসময় ট্রাকটি সজীব নামের এক সাইকেল আরোহীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় সজীবকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।