সাতক্ষীরায় করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪৬

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে এদিন কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে ওই ৭ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্য হলো ৫৮৯ জনের। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৬ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৭৪ শতাংশ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ২৮৭ জনের। সুস্থ হয়েছেন ৫ হাজার ১৬০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন এক হাজার ৩৫ জন। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ও বেসরকারি হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।