সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জনাকীর্ণ আদালতে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শওকত আলীর দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তার মা সবিরন খাতুনকে খালাস দেওয়া হয়েছে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো মামলার বরাতে জানান, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দিনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাসেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান জন্ম নেয়।

এরই মধ্যে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমা খাতুনকে নির্যাতন শুরু করেন শওকত আলী। বাধ্য হয়ে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে স্বামীকে দেন নাছিমা। তবে এরপরও নির্যাতন বন্ধ হয়নি। এক পর্যায়ে কুকরালি কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন শওকত আলী।

পিপি আরও জানান, দ্বিতীয় বিয়ের পর নাছিমা খাতুন ও তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। কিন্তু শওকত আলী প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ ঘটনায় নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পৌরসভা থেকে ২০১২ সালের ৩০ আগস্ট তাদের হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।

এর আগের দিন ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে আটটার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, ভাই শফিকুল ইসলাম ও মা সবিরন খাতুন ইটাগাছার ওই ভাড়া বাড়িতে যান। সেখানে নাছিমা খাতুনকে মারধরের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

নাছিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন।

সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দি পর্যালোচনা শেষে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।