সাজাভোগ শেষে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ১৬ বাংলাদেশি

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পাচার হওয়া ১৬ বাংলাদেশি দেশে ফিরেছে। এদের মধ্যে ১০ জন কিশোর ও ৬ জন কিশোরী। এদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রাইটস যশোর ৬ জন এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১০ জনকে গ্রহণ করেছে।

ফেরত আসা কিশোর-কিশোরীরা হলো, নুর অঙ্কিস,কাওছার আলী, দিপু সরকার, পূজা, মিথিলা দাস, সোনিয়া খাতুন, অমৃতা ঘোষ, রাবিয়া খাতুন, নয়ন বিশ্বাস,সামাদ মোল্লা ও মোমিন মোল্লা, আশিকুল ইসলাম, দেব দাস, রাশিদুল ইসলাম, তরিকুল ইসলাম, জিয়াদ মোল্লা। তাদের বাড়ি দিনাজপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, টাঙ্গাইল, যশোর, গোপালগঞ্জ, খুলনা সাতক্ষীরা ও ঠাকুরগাঁ জেলার বিভিন্ন এলাকায়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর সে দেশের পুলিশ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করেছিল। পরে আদালতে পাঠায় পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। সাজা শেষ হওয়ার পর ভারতীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব শেল্টারহোমে রাখে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজপত্রের আনুষ্ঠিকতা শেষে বৃহস্পতিবার বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা বলেন, ‘ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে দুটি এনজিও সংস্থা তাদের নিয়ে গিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে।