সরু চাল ও মুরগির দাম কমেছে

0

শেখ আব্দুল্লাহ হুসাইন ॥ বোরো ধানের ভরা মৌসুমে সরু চালের দাম আরেকটু কমেছে। কমেছে খামারের মুরগির দামও। তবে এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে সবজি,ডিম ও মাংসের দাম। রোববার যশোর শহরের বড়বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

রোববার বড়বাজার চালবাজারে গত সপ্তাহের থেকে কেজিতে ২টাকা কমে সরু চাল বিক্রি হতে দেখা গেছে। বাংলামতি চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৪ টাকা, গত সপ্তাহে ছিল ৮২ থেকে ৮৬ টাকা। ব্রি-৬৩ চাল ২ টাকা কমে বিক্রি হয়েছে প্রতি কেজি ৬৮ টাকা, গত সপ্তাহে ছিল ৬৮ থেকে ৭০ টাকা।

তাছাড়া গত সপ্তাহের দরেই অন্যান্য চাল বিক্রি হয়েছে। মিনিকেট বিক্রি হয়েছে প্রতি কেজি ৬২ থেকে ৬৮ টাকা, ব্রি-২৮ চাল বিক্রি হয়েছে ৫৬ থেকে ৬০ টাকা, ব্রি-৪৯ চাল বিক্রি হয়েছে ৫৬ টাকা, স্বর্ণা চাল বিক্রি হয়েছে ৫১ থেকে ৫৪ টাকা ও হীরা চাল বিক্রি হয়েছে ৪৮ টাকা। যশোর বড়বাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল কুমার বিশ্বাস জানান, আসন্ন কুরবানি ঈদ পর্যন্ত চালের দাম এমনই থাকতে পারে।

বড়বাজারে খামারের মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৭০ টাকা, গত সপ্তাহে ছিল ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হয়েছে ২৩০ টাকা, গত সপ্তাহে ছিল ২৪০ টাকা।

তাছাড়া লেয়ার মুরগির দাম এ সপ্তাহে প্রতি কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৩২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০০ টাকা। খামারের মুরগির ডিমের দামও এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে। বড়বাজার এইচ এম এম রোডের ডিম বিক্রেতা ‘মায়ের দোয়া স্টোর’-এর স্বত্বাধিকারী শেখ আব্দুল কুদ্দুস জানান,তিনি রোববার লাল ডিম প্রতি পিস ১১ টাকা দরে বিক্রি করেছেন। তবে এক খাঁচি (৩০ পিস) ৩২০ টাকায় বিক্রি করছেন। তাছাড়া ৩০ টার বেশি ডিম নিলে আরও কিছুটা কম দাম তিনি নিচ্ছেন বলে জানান।

এদিকে, বড়বাজারে দু একটা ব্যতিক্রম ছাড়া এ সপ্তাহেও সবজির দাম অপরিবর্তিত রয়েছে। পটল, ঢেঁড়স ও কুমড়া প্রতি কেজি বিক্রি হয়েছে ২০ টাকা করে। টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা, কুশি ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, করলা ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, উচ্ছে ৬০ টাকা, বেগুন ভালো মানের ৬০ টাকা, মুখিকচু ৭০ টাকা, সজনে ডাটা ১০০ টাকা, গাজর ৭০ টাকা ও লাউ প্রতি পিস ৪০ টাকা। খুচরা সবজি বিক্রেতা নাসির আলী জানান, বর্তমানে বাজারে গ্রীষ্মকালীন সরবরাহ সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

এছাড়া বড়বাজার কাঠেরপুলে গরুর মাংসের দাম দীর্ঘদিন ধরে একই জায়গায় স্থির রয়েছে। রোববার গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে।