যশোরে প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য সফর: উদ্বোধন হচ্ছে উলাশী প্রকল্প ও মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর

0
আজ ঐতিহাসিক যশোর সফরে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বন্দরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগমের সাথে কুশল বিনিময় শেষে বিকেলে ঈদগাহ ময়দানের জনসমুদ্রে ভাষণ দেবেন তিনি।। ছবি: সংগৃহীত
আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উৎসবের আমেজে পুরো জেলা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (২৭ এপ্রিল) যশোরে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সমগ্র যশোর জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলগুলো সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সফরসূচি অনুযায়ী, সকালে যশোরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। এরপর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুরে যাত্রাবিরতি শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তিনি।

ইতিমধ্যেই জনসভাস্থলসহ পুরো শহর ব্যানার, ফেস্টুন, তোরণ এবং পোস্টারে সাজিয়ে তোলা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন, এই জনসভা স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে পরিণত হবে। প্রধানমন্ত্রীর এই সফরে যশোরের অবকাঠামো ও স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো পূরণ হবে বলে আশা করছেন সাধারণ মানুষ। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো জেলাজুড়ে কঠোর নজরদারি ও নিরাপত্তা বলয় তৈরি করেছে।