সরকারের আয়ু বেশি দিন নেই, টানেলের শেষপ্রান্ত দেখছি: হাফিজ

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এই সরকারের আয়ু বেশি দিন আর নেই। এখন অনেক বেশি লোক রাজপথে নামছেন, সাধারণ মানুষও আসছেন। খুব শিগগির পরিবর্তন আসবে। সরকার পরিবর্তনে আমি টানেলের শেষপ্রান্ত দেখতে পাচ্ছি।’ শুক্রবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ফেলানী হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। লেবার পার্টি এই আলোচনা সভার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উত্থাপন করেন মানবাধিকার সংরক্ষন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধবংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই, প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এমন দুঃসহ অবস্থায় একটি অনির্বাচিত সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হচ্ছে, নৌকা প্রতীকের প্রার্থীরা হারছেন। স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীরা জিতছেন। এত কারচুপির পরও তারা জিততে পারছে না। কারণ জনগণ তাদের ঘৃণা করে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের চেহারা কেমন, তা মুরাদ হাসানের দিকে তাকালে দেখা যাবে। এমন অসংখ্য মুরাদ হাসান রয়েছে। অধিকাংশ মুরাদ আজ পানির নিচে, তাদের চেহারা দেখা যাচ্ছে না। যখন সরকার পরিবর্তন হবে, অসংখ্য মুরাদ হাসানকে দেখতে পাবেন। সেই দিন বেশি দূরে নয়।’ হাফিজ উদ্দিন আরও বলেন, ‘আওয়ামী লীগ আগামী দিনে আর রাতের ভোট করতে পারবে না। বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষিত হয়েছে, একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। আরও অনেক নিষেধাজ্ঞা আসবে। তবে এমন নিষেধাজ্ঞা আমাদের জন্য লজ্জার।’ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অর্পণা রায় দাস, মুক্তিযোদ্ধা দলের শহীদুল ইসলাম চৌধুরী মিলন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, কেন্দ্রীয় নেতা মোসলেহ উদ্দিন, রামকৃষ্ণ সাহা, আবদুর রহমান খোকন, হুমায়ুন কবীর প্রমুখ।