সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করলেন তারেক রহমান

0
মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভা মঞ্চে মাগরিবের নামাজ আদায় করছেন তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক॥ মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে বিএনপির নির্বাচনী জনসভা চলাকালীন মঞ্চেই মাগরিবের নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সমাবেশ চলাকালে আজান হলে তিনি মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে জামাতে শরিক হন। রাজনৈতিক কর্মসূচির মাঝে ধর্মীয় অনুশাসনের এই দৃশ্য উপস্থিত সাধারণ মানুষের নজর কেড়েছে।

বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান মৌলভীবাজারের চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন— মৌলভীবাজার-১ আসনের নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই মৌলভীবাজারের ৭টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী আইনপুর আইনপুর খেলার মাঠে জড়ো হন। তারেক রহমান মঞ্চে আসার পর পুরো এলাকা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দীর্ঘ বক্তব্যের পর মাগরিবের নামাজের বিরতি দেওয়া হয় এবং তারেক রহমান মঞ্চেই নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।