সব আগে সাতক্ষীরার আম: উৎসবের আমেজে শুরু হলো মৌসুম

এবারও সাতক্ষীরা থেকেই শুরু হলো আমের বাণিজ্যিক যাত্রা।

0
সাতক্ষীরায় আম পাড়া উৎসবে বাগান থেকে আম সংগ্রহ করছেন চাষিরা

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রথম ‘আম পাড়া উৎসব’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৬ সালের আম মৌসুম। দেশের অন্যান্য জেলার তুলনায় প্রায় দুই সপ্তাহ আগে আম পাকায় প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরা থেকেই শুরু হলো আমের বাণিজ্যিক যাত্রা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে আমচাষী আবু সাঈদের বাগানে ফিতা কেটে ও আম সংগ্রহের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। গোবিন্দভোগ, গোপালভোগ, বৈশাখী ও গোলাপখাসসহ আগাম জাতের আম পাড়ার মধ্য দিয়ে জেলাজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। অনুষ্ঠানে চাষি, কৃষি কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় আম পাড়া উৎসবে বাগান থেকে আম সংগ্রহ করছেন চাষিরাউদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল বলেন, সাতক্ষীরার আম এখন আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেয়েছে। এই সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত না করার আহ্বানও জানান।
কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, আম পাড়া উৎসব শুধু একটি কৃষিভিত্তিক আয়োজন নয়, এটি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে নিরাপদ উৎপাদন ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে।
আমচাষী আবু সাঈদ বলেন, জেলায় ফলন ভালো হলেও সংরক্ষণ সুবিধার অভাব বড় সমস্যা। একটি আধুনিক হিমাগার স্থাপন করা গেলে চাষিরা ন্যায্য দামে আম বিক্রি করতে পারবেন।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৪,১৪০ হেক্টর জমিতে ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ মেট্রিক টন আম ইউরোপে রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে জেলা প্রশাসন আম সংগ্রহের নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই নির্দেশনা মেনে চললে সাতক্ষীরার আম বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে।