সকালে চিরকুটে হত্যার হুমকি, সন্ধ্যায় মিলল শিশুর লাশ

0

সুলতান মাহমুদ,নড়াইল।। নড়াইলে সকালে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পাওয়ার পর সন্ধ্যায় ওই পরিবারের এক শিশুর হাত বাধা লাশ উদ্ধার হয়েছে ধান ক্ষেত থেকে। ঘটনাটি ঘটেছে জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রামে। নিহত শিশু হামিদা খানম (৬) ওই গ্রামের সাহানুর শেখের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে কালিয়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ওইদিন (বৃহস্পতিবার) সকালে বাড়ির পাশ থেকে হামিদার পরিবারকে হত্যার হুমকি দেয়া চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার। চিরকুটে সাহানুর ও তার ভাইয়ের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। চিরকুটটি বুধবার (১৩ নভেম্বর) রাতে যে কোন সময় বাড়ির পাশে ফেলে রাখা হয় বলে পরিবারটি পুলিশকে জানিয়েছে।
ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে হামিদা মায়ের কাছ থেকে আপেল নিয়ে বাড়ির পাশে সাথীদের সঙ্গে খেলতে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।  এক পর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশে ধানখেতে হামিদার মরদেহ দেখতে পান স্থানীয়রা। রশি দিয়ে তার হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহ ঢাকা ছিল।

নিহত শিশুর পিতা সাহানুর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে যারা হত্যার হুমকি দিয়েছিল, তারাই হামিদাকে হত্যা করেছে। তবে কারা এই শত্রু তা তিনি বলতে পারেননি।

ওসি শরিফুল ইসলাম বলেন, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে । প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।