শ্রীলঙ্কার কারাগারে বন্দি-রক্ষী রক্তক্ষয়ী সংঘাত, পুলিশের গুলিতে রক্ষীসহ নিহত ২৫

0
শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলের নেগোম্বো কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কয়েদিদের সরিয়ে নেওয়া হচ্ছে।। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় উপকূলের নেগোম্বো কারাগারে বন্দি ও কারারক্ষীদের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারাগারের ভেতরের চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণের পর এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২০ জন সাধারণ বন্দি এবং ৫ জন কারা কর্মকর্তা রয়েছেন। নজিরবিহীন এই সহিংসতায় আহত হয়েছেন আরও প্রায় শতাধিক মানুষ।

স্থানীয় সংবাদমাধ্যম আদাদেরানা ও নিউজ ওয়ারের বরাতে জানা গেছে, গত রোববার (৫ জুলাই) প্রথম দফায় বিচারাধীন ও সাজাপ্রাপ্ত কয়েদিদের অভ্যন্তরীণ কোন্দল থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথম দিনের সেই প্রাথমিক হানাহানিতে দুই বন্দি নিহত এবং ৩৮ জন আহত হন।

ঘটনার দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার (৬ জুলাই) পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। কয়েদিরা একজোট হয়ে কারারক্ষীদের ওপর চড়াও হলে নতুন করে ব্যাপক দাঙ্গা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও কারারক্ষীরা কঠোর অবস্থান নিয়ে গুলি ছুড়তে বাধ্য হয়।

কারাগারের এই চরম বিশৃঙ্খল অবস্থা সামাল দিতে পরবর্তীতে লঙ্কান সরকারের নির্দেশে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ ও আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

২ হাজার ৪১৭ জন ধারণক্ষমতার এই কারাগারে হঠাৎ কেন এমন ভয়াবহ বিদ্রোহ ও সংঘর্ষের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। নতুন করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারাগার ও এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।