‘এখানেই শেষ’ বলে কি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার?

0
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর মেটলাইফ স্টেডিয়ামের মাঠে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।। ছবি: সংগৃহীত

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন নেইমার। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। ম্যাচ শেষে ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, “বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ।”

আবেগভারী কণ্ঠে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”

যেখানে শুরু, সেখানেই শেষের ইঙ্গিত

২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। সেই ম্যাচটি হয়েছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ১৬ বছর পর একই স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে এই ম্যাচ খেলার পর ‘এখানেই শেষ হলো’ — কথাটিতে সুস্পষ্ট বিদায়ের ইঙ্গিত।

বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েন সান্তোসে খেলা এই ফরোয়ার্ড। চারটি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি। একই পরিণতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন থিয়াগো সিলভাও।

১৯৯০ সালের পর সবচেয়ে বাজে বিশ্বকাপ

নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার মধ্য দিয়ে ১৯৯০ সালের পর বিশ্বকাপে সবচেয়ে বাজে অভিযান শেষ করল ব্রাজিল। এর ফলে বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত শিরোপাখরা দাঁড়াবে ২৮ বছরে, যা ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর সবচেয়ে দীর্ঘ।

নেইমারের ক্যারিয়ারের পরিসংখ্যান

নেইমার ‘সব শেষ’ বলার মাধ্যমে যদি আনুষ্ঠানিক অবসর ঘোষণাই বুঝিয়ে থাকেন, তবে ব্রাজিলের জার্সিতে তাঁর ক্যারিয়ার শেষ হবে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে। জাতীয় দলের হয়ে তাঁর একমাত্র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে স্বর্ণপদক জিতেছিলেন তিনি।