জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় গণিতে দেশসেরা মনিরামপুরের দুই শিক্ষার্থী

মঙ্গলবার বিকেলে ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশসেরা এই দুই শিক্ষার্থীর গলায় পদক পরিয়ে দেন

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার গণিত কুইজে বালক ও বালিকা বিভাগে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে যশোরের মনিরামপুর উপজেলার দুই শিক্ষার্থী অরিত্র কান্তি হালদার ও সুরাইয়া ইয়াসমিন।

মঙ্গলবার বিকেলে ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশসেরা এই দুই শিক্ষার্থীর গলায় পদক পরিয়ে দেন।

মনিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালিব আলম জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াত হোসেন।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে দেশব্যাপী সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে গণিত কুইজ প্রতিযোগিতা গত ২০ মে উপজেলা, ৭ জুন জেলা এবং ৯ জুন বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করেন মনিরামপুরের অরিত্র কান্তি হালদার ও সুরাইয়া ইয়াসমিন। জাতীয় পর্যায়ে অংশ নিয়ে তারা বালক ও বালিকা বিভাগে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অরিত্র কান্তি হালদার মনিরামপুর উপজেলার জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পলাশ কান্তি হালদার কেশবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং মা বিথিকা সরকার জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অন্যদিকে সুরাইয়া ইয়াসমিন মনিরামপুরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আবু সাঈদ দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা রুবিনা খাতুন তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালিব আলম, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান রয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।