শ্রীপুরে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শ্রীপুরে এক ভাড়ায় চালনো মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানেলের পাশ থেকে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আব্দুল মান্নান (৩০) উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্যা ওরফে আলী মোল্যার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাতে তাকে অন্য জায়গায় হত্যা করে বাড়ি থেকে একটু দূরে ক্যানেলের পাশে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটিও মৃতদেহের পাশে রেখে যায়। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পিবিআই-র ইন্সপেক্টর রোকনুজ্জামান ও সিআইডি ইন্সপেক্টর পলাশের নেতৃত্বে দুটি টিম ঘটনাস্থলে যায়। তারা লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠান।

নিহত আব্দুল মান্নানের স্ত্রী রত্না বেগম জানান, তার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাদের সংসারে ২ টি মেয়ে সন্তান রয়েছে। বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে রাতে একবার বাসায় এসেই মাগুরা যাচ্ছি বলে চলে যান। তিনি তার স্বামীর হত্যার বিচার দাবি করেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।