শ্রীপুরে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত আটক

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শ্রীপুর উপজেলার দোরাননগর এলাকা থেকে শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে একটি সার্টারগান ও ৪ রাউন্ড গুলিসহ লিটন (৪০) নামে আন্তঃজেলা ডাকাত সর্দারকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। সে যশোরের বাঘারপাড়া উপজেলার সিলিমপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলী শেখের ছেলে। তার নামে চুয়াডাঙ্গা জেলায়ও একটি ডাকাতির মামলা রয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদে জানতে পারি উপজেলার ওয়াপদা-লাঙ্গলবাঁধ পাকা সড়কের দোরাননগর ফাঁকা মাঠের মধ্যে রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে। এ খবর পেয়ে তিনি (ওসি), এসআই আব্দুল হামিদ, এসআই জাহাঙ্গীর ও নাকোল ফাঁড়ির ইনচার্জ এসআই প্রসেনজিৎসহ সঙ্গীয় ফোর্স ডাকাতদের ধাওয়া করে একটি সক্রিয় সার্টারগান ও ৪ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার লিটনকে আটক করেন। অন্যরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করে। এ ব্যাপারে শ্রীপুর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।