শ্রমজীবী মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়ালেন অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ সোমবার পৌষের হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে যশোর শহরের লালদীঘিপাড়ে উপস্থিত হয়েছিলেন শত শত শ্রমজীবী মানুষ। কনকনে হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন জীবনসংগ্রামে ব্যস্ত এই মানুষেরা লালদীঘিপাড়ে অবস্থান করছিলেন কাজের সন্ধানে। ঠিক তখনই উষ্ণতার পরশ নিয়ে হাজির হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি সেখানে উপস্থিত শত শত শ্রমজীবী মানুষের গায়ে পরম মমতায় গরম কাপড় জড়িয়ে দেন। এটি কেবল লৌকিকতা ছিল না; বরং জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই উদ্যোগ নেওয়া হয়।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত প্রত্যেকের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং শীতের কষ্ট সহ্য করে চলা মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৃদ্ধা, দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের চোখেমুখে তখন স্বস্তি আর কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

কম্বল বিতরণ কর্মসূচি শেষে অনিন্দ্য ইসলাম অমিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং আগামীতেও যশোর সদরবাসীর সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অমিতের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।