শ্যামনগরে দুটি ভাটা বন্ধের নির্দেশ ইউএনও’র

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগরের জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে নির্মিত আশা ব্রিক্স ও মোস্তফা ব্রিক্স নামের দুটি ইটভাটা মালিককে ভাটাবন্ধের নির্দেশনা দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন। মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ভাটা দুটি পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা দেন।
উপজেলার রামজীবনপুর এলাকার ঘন জনবসতিপূর্ণ ও বিভিন্ন প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় সরকারি নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আরব আলী ও এসএম মোস্তফা নামে দুই ব্যক্তি ইটভাটা পরিচালনা করে আসছেন।
ওই এলাকার ইউপি সদস্য রেজাউল করিম দোলনা বলেন, আমরা এলাকার সাধারণ মানুষেরা দীর্ঘদিন ধরে ভাটা দুটি বন্ধে সরকারের পরিবেশ অধিদপ্তরসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে আসছি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে ভাটা দুটির সঠিক কাগজপত্র না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এদিকে ভাটা মালিক এসএম মোস্তফা বলেন, ভাটা পরিচালনার ক্ষেত্রে যেসব কাগজপত্র প্রয়োজন সেগুলো প্রক্রিয়াধীন। দ্রুত আমরা হাতে পেয়ে যাব।