শৈলকুপা পৌরসভায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কর্মচারীদের কর্মবিরতি

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা পৌরভবনে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পৌর কর্মচারীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা। তারা তাদের নিরাপত্তার দাবিও জানান এ সময়। গত রোববার সকাল থেকেই তাদের এই কর্মসূচি চলছে। বন্ধ রয়েছে পৌর এলাকায় পানি সরবরাহ, সড়কবাতিসহ সব ধরনের নাগরিক সুবিধা। এতে ভোগান্তিতে পড়েছে শহরবাসী ও পৌরসভায় সেবা নিতে আসা মানুষ।
জানা গেছে, গত শনিবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে পৌরসভায় হামলা চালায়। এসময় তারা ভাঙচুর চালায় এবং পৌরসভা চত্বরে থাকা একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। তারা কুপিয়ে আহত করে পৌরসভার কর্মচারী মহিদুলকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত এ হামলায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপত্তার দাবি জানিয়েছেন কর্মচারীরা। শৈলকুপা পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আনিচুজ্জামান বলেন, ‘গত শনিবার শতাধিক লোকজন আমাদের অফিসে এসে হামলা চালায়। তারা আমাদের এক কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ তিনি আরো জানান, হামলার আশঙ্কায় কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন না। পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, নিরাপত্তা দিলে সবাই আবারো কাজে ফিরবে। এ বিষয়ে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম বলেন, হামলায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অফিসের কিছু জরুরি কাগজপত্র আংশিক পুড়ে গেছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। তাছাড়াও থানায় মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আশা করি এই ন্যাক্কারজনক হামলার বিচার হবে। সঠিক বিচার হলে পরবর্তীতে এ ধরনের হামলার সাহস তারা আর পাবে না’।