শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

0

মফিজুল ইসলাম, শৈলকপা (ঝিনাইদহ)॥ চিকিৎসকসহ নানা সমস্যায় জর্জরিত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসারের পোস্ট রয়েছে ২৩টি। এরমধ্যে ৯টি খালি। বাকি ১৪টির মধ্যে ১জন চিকিৎসক আছেন সাময়িক বরখাস্ত। ২ জন প্রেষণে রয়েছেন ঝিনাইদহ শিশু হাসপাতালে ও ১জন জেলা সদর হাসপাতালে। ১১ জন কলসালটেন্ট থাকার কথা থাকলেও আছেন ১জন। বাকি ১০টি পদ খালি। ১জন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ থাকলেও এ হাসপাতালটিতে সেবা দেন ২দিন,বাকি ৪দিন থাকেন ঝিনাইদহ সদর হাসপাতালে। এদিকে অতি গুরুত্বপূর্ণ গাইনি ও অ্যানেসথেসিয়া পদও খালি রয়েছে দীর্ঘদিন। এতে হাসপাতালটিতে নিয়মিত হচ্ছে না গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন। ফলে প্রায় ৪ লক্ষাধিক মানুষের জন্যে ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি কাঙ্খিত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালটিতে রোগী সব সময় থাকে ধারণ ক্ষমতার দ্বিগুণ। একে তো অতিরিক্ত রোগী ও তার ওপর চিকিৎসক সংকট। ফলে যেসব চিকিৎসক দায়িত্বে থাকেন তাদের হিমশিম খেতে হয়। চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের আউটডোর চলে উপসহকারী মেডিকেল অফিসার দিয়ে। ফলে হাসপাতালে যথাযথ সেবা না পেয়ে অনেক রোগী ছোটেন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে। এছাড়াও রয়েছে ফার্মাসিস্ট ও স্টোরকিপার সংকট। এদিকে ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে সুইপারের পোস্ট রয়েছে ৫জনের। তার মধ্যে আছেন ৩জন। বাকি ২টি পদ খালি। ৩জনের মধ্যে একজন আবার প্রেষণে রয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালে। ফলে পর্যাপ্ত সুইপার না থাকায় যেখানে-সেখানে ময়লার স্তুপের দেখা মিলছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, হাসপাতালে চিকিৎসক,জনবলসহ বেশকিছু সংকট রয়েছে। ফলে কাঙ্খিত সেবা নিশ্চিত করতে অসুবিধা হচ্ছে। তবুও সাধ্যের মধ্যে যতটুকু সেবা দেওয়া সম্ভব তা দেওয়া হচ্ছে।