শৈলকুপায় রাস্তা নির্মাণে অনিয়ম, তদন্তে দুদক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এবং ঠিকাদারের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া হতে লাঙ্গলবাঁধ পর্যস্ত ২৬ কিলোমিটার রাস্তা সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনৈতিকভাবে রাস্তার পাড় কাটার তদন্ত শুরু হয়েছে। পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর যশোর অফিসের সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম শৈলকুপা পরিদর্শন করে। দুদক টিম সরেজমিনে ওই রাস্তাসহ প্রকল্প এলাকা পরিদর্শন এবং কাজের মান যাচাই করে। সরকারি নিয়ম অনুযায়ী নতুন সামগ্রীর সাথে একটি নির্দিষ্ট পরিমাণ পুরাতন সামগ্রী মিশানোর অনুমোদন আছে বলে তদন্ত টিম জানায়। তবে শৈলকুপা উপজেলার শেখপাড়া হতে লাঙ্গলবাঁধ পর্যস্ত কাজের অগ্রগতির দালিলিক প্রমাণের সাথে বাস্তব অবস্থার অমিল রয়েছে বলে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এনফোর্সমেন্ট টিম মনে করে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীর মনিটরিংয়ের অভাবে নি¤œমানের কাজ করছেন ঠিকাদার। জানা গেছে, ঠিকাদারকে কাজের বিপরীতে ইতোমধ্যে প্রায় ১৮ কোটি টাকা প্রদান করা হয়েছে। অভিযোগ উঠেছে, ৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক নির্মাণ কাজ অফিসের কোন তদারকি ছাড়াই ঠিকাদার ইচ্ছামতো করে যাচ্ছেন। এই নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলে দুদক তদন্তের উদ্যোগ নেয়।