শৈলকুপায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদ্মনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং সাতজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মোল্লা তৌহিদুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে পদ্মনগর গ্রামের তরিকুল শেখ ও সদর শেখের সঙ্গে পারিবারিক জমি নিয়ে তাদের (সৎভাই) ভাই আজিজুল শেখের বিরোধ চলছিল। কয়েক বছর আগে তরিকুল ও সদর শেখ পৈত্রিক বাড়ি ছেড়ে পাশের ফটিকতলা এলাকায় গিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। তারা বাড়ির জমি বিক্রি করতে উদ্যোগ নেন। তাছাড়া আজিজুল শেখকে চলাচলের পথ দিতে না চাওয়ায় তাদের মধ্যে চরম বিরোধ তৈরি হয়। একই সঙ্গে আজিজুল শেখের পক্ষে কথা বলায় তাদের সঙ্গে বিরোধ বাধে চাচাতো ভাই জামির শেখের। এসব নিয়ে সোমবার রাতে বাগবিতন্ডার এক পর্যায়ে তরিকুল ও সদর ধারালো অস্ত্র নিয়ে জামির শেখকে কুপিয়ে আহত করেন। তখন উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে জামির শেখ ও প্রতিবেশী রহমত শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং বাকি সাতজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপপরিদর্শক মোল্লা তৌহিদুল ইসলাম আরো জানান, পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলেই যায় এবং পরিস্থিতি শান্ত করে।