শৈলকুপার পাটের দাম কম, দিশেহারা কৃষক

0

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ)॥ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাটবাজারগুলোতে পাটের দাম কম হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। দু সপ্তাহের ব্যবধানে উপজেলার হাটবাজারগুলোতে পাটের প্রকারভেদে মণ প্রতি দাম কমেছে ৫শ থেকে ৭শ টাকা। এতে সোনালী আঁশকে ঘিরে কৃষকের ঘুরে দাঁড়ানোর সোনালী স্বপ্ন ফিকে হচ্ছে।
উপজেলার পাট চাষিরা বলেন, চলতি মৌসুমের প্রথম দিকে হাটবাজারে পাটের দাম ভালো থাকায় লাভের আশা ছিল কৃষকের। কিন্তু হঠাৎ করে পাটের বাজার দর কমতে শুরু করায় কৃষক দিশেহারা হয়ে গেছেন। বর্তমানে হাটবাজারে প্রতি মণ পাট ২ হাজার থেকে ২৬শ টাকা দরে বিক্রি হচ্ছে। যা দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩২শ টাকা দরে। যার ফলে সোনালী আঁশে লাভের আশা ফিকে হয়ে যাচ্ছে দরপতনে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় ও পাটকলগুলো পাট না কেনায় কম দামে পাট কিনতে হচ্ছে । এদিকে পাটের বাজার স্থিতিশীল রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
শৈলকুপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৮হাজার ৪শ ২৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর উপজেলায় বেশি জমিতে পাট চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৩শ ৭৮ মেট্রিক টন।
সরেজমিনে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার, খুলুমবাড়িয়া, শেখপাড়া, গাড়াগঞ্জ, ভাটই, হাটফাজিলপুর, শিতালী ধাওড়া, কচুয়া বাজারসহ শৈলকুপা হাটে পাটের বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতিমণ পাট ২ হাজার থেকে ২৬শ টাকা দরে বেচাকেনা হচ্ছে।
উপজেলার কাশিনাথপুর গ্রামের গ্রামের প্রান্তিক কৃষক সাইফুল ইসলাম জানান, তিনি ১শ শতাংশ জমিতে পাট চাষ করেছেন। তাতে তার খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। পাট পেয়েছেন ১৮ মণ। লাঙ্গল বাঁধ বাজারে তিনি প্রতিমণ পাট ২৫শ টাকায় বিক্রি করেছন। তিনি সরকারের কাছে ধান-চালের ন্যায় পাটের দামও নির্ধারণ করে দেয়ার দাবি জানান।