শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের সাবেক এমডির স্ত্রীর জামিন নাকচ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সাফিকুর রহমানের স্ত্রী বীথি এবং গৃহকর্মী সুফিয়া বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৪ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালত তাদের জামিন আবেদন খারিজ করেন।

আদালত আদেশে বলেন, বীথি এই মামলার প্রধান আসামি এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি এখনো তদন্তাধীন ও আলোচিত হওয়ায় এ পর্যায়ে জামিন দেওয়া সমীচীন নয়।

আসামিপক্ষের হয়ে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী, আনোয়ারুল কবীর বাবুল, ইদ্রিস আলী, শরিফুল ইসলাম ও সানাউল হক টিপু। সংশ্লিষ্ট আইনজীবীরা জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর মহানগর দায়রা জজ আদালতে নতুন আবেদন করা হয়। এ মামলায় এর আগে গত ২৮ এপ্রিল সাফিকুর রহমান জামিন পান। পরে ৩ মে অপর গৃহকর্মী রূপালী খাতুন–কেও জামিন দেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের জুনে ১১ বছর বয়সী এক শিশুকে উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজের জন্য পাঠানো হয়। পরে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

শিশুটির বাবা গত ১ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানা–এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং দুই গৃহকর্মী রূপালী ও সুফিয়াকে আসামি করা হয়। মামলার পরদিন রাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় এবং বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।