শিশুদের টিকা দিচ্ছে না আন্দোলনকারী স্বাস্থ্য সহকারীরা

0

বিএম আসাদ ॥ যশোর জেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কর্মীরা তাদের দাবি পূরণ না হওয়ায় শিশুদের ইপিআই টিকা প্রদানের ক্ষেত্রে অনলাইনের জিআর কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এতে করে এক বছর বয়সী শিশুদের টিকা দেওয়া নিয়ে অভিভাবকরা ভোগান্তিতে পড়েছেন।
এদিকে দাবি আদায়ের জন্য স্বাস্থ্য সহকারীরা বৃহস্পতিবার যশোরের সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সূত্র জানিয়েছেন, যশোর জেলায় এক বছর বয়সী কিংবা তার নিচে কম বয়সী ৪৫ হাজার থেকে ৫০ হাজার শিশু রয়েছে। জন্মের পর থেকে এসব শিশুর ১০টি রোগের শিশুদের ইপিআই টিকা দিতে হয়। এসব টিকা ইচ্ছে শিশুদের যক্ষ্মা, পোলিও ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগ, হাম, মিউমোককালজনিত নিউমোনিয়া রুবেলা এবং ১৫ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের ৫ ডোজ টিটি/ টিডি টিকা এবং বাড়ি বাড়ি গিয়ে জন্ম, মৃত্যু, নবজাতক শিশু, গর্ভবতী মহিলা, কিশোর-কিশোরীদের রেজিস্ট্রেশন ও মাঠ পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন স্বাস্থ্য সহকারীরা। এছাড়া তারা ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো যক্ষ্মা নিরোধ ডটস পদ্ধতিসহ সরকারের বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন স্বাস্থ্য সহকারীরা। এসব কার্যক্রম, তারা অনলাইনের মাধ্যমে ডাটাবেজ তৈরি করেন। যা প্রয়োজনে শিশুদের ভবিষ্যত তথ্য সংগ্রহের জন্য সহজতর হয়। কিন্তু স্বাস্থ্য সহকারীরা সেই ডাটাবেজ তৈরির অনলাইন জিআর কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। নতুন বছরের গত ১ জানুয়ারি থেকে তারা জিআর কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিলেও ২ জানুয়ারি থেকে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। এতে করে যশোরের প্রায় ৫০ হাজার শিশু বেকায়দায় পড়েছে। হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার পক্ষ থেকে জিআর কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বেতন বৈষম্য দূরীকরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ বিধি সংশোধন, নিয়োগের যোগ্যতা স্নাতক পাশ, নির্ধারণপূর্বক বেতন স্কেল ১৩তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করণসহ টেকনিক্যাল পদ মর্যাদা প্রদানের দাবিতে যশোরের সিভিল সার্জনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়েছে। নবাগত সিভিল সার্জন এ সময় শিশুদের প্রতি স্বাস্থ্য সহকারীদের মানবিক দিক প্রদর্শনের আহ্বান জানান। স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার আহ্বায়ক মহিদুল ইসলাম, জানিয়েছেন, তারা এর আগে এসব দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য মহা পরিচালককে অবহিত করেছেন। তার পর গত ২০ ডিসেম্বর ৬৪ জেলার সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা করে এ কর্মসূচি গ্রহণ করেছেন। এ সময় সংগঠনের আহ্বায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব ফারুক হোসেনসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সকলেই উপস্থিত ছিলেন।