শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে  দুই যুবকের লাশ উদ্ধার 

0
বেনাপোল ও বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ।। যশোরের শার্শা উপজেলার  পুটখালী ও পাঁচভুলট সীমান্তের ইছামতী নদীর পাড় থেকে সাবুর আলী (৩৫) ও জাহাঙ্গীর কবির নামে দুই যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র পিটুনিতে তাদের মৃত্যু হতে পারে বলে ধারনা স্থানীয়দের।
বুধবার (১৮ ডিসেম্বর)  ভোর রাতে পুটখালী সীমান্তের চরের মাঠে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের  মৃত আরিফ হোসেন ছেলে মোঃ সাবুর আলীর মরদেহ পাওয়া যায়। অপরদিকে পাঁচভুলট সীমান্ত
এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একই থানার কাগজপুকুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ  ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর কবির এর মরদেহ উদ্ধার করে বিজিবি।
নিহত জাহাঙ্গীর কবিরের ভাই জানান, জাহাঙ্গীর ১৫ বছর ধরে ভারতে বিয়ে করে সেখানে বসবাস করছেন। সেখানে তার একটি কন্যা সন্তান রয়েছে। কয়দিন আগে সে ভারত থেকে বাড়ি বেড়াতে এসেছিল, গতরাতে ভারতে যাওয়ার সময় সে দুর্বৃত্তদের হাতে নিহত হয়।
সাবুর আলীর স্ত্রী হাসি বেগম বলেন, একজন আমার বাড়িতে এসে খবর দেয় যে পুটখালী আমবাগানে আমার স্বামীকে মেরে ফেলে রেখে গেছে। আমি একটি ইজিবাইক  নিয়ে সেখানে যেয়ে দেখি আমার স্বামী মটিতে পড়ে আছে। তখন তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে তিনি মারা যান।
তিনি আরও বলেন আমার দুটি কন্যা সন্তান রয়েছে । আমার সংসারে একমাত্র আয়ের উপার্জন  ব্যক্তির ছিলেন এখন আমার এই বাচ্চা দুইটা নিয়ে কীভাবে চলবো।
তবে স্থানীয়রা জানিয়েছেন, তাদেরকে ভারতীয় বিএসএফ পিটিয়ে মেরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার পাঁচভুলোট এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন হলো বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই থানা কাগজপুকুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)। ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

বিজিবির খুলনা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে দুটি লাশ পাওয়া গেছে। এদের একজন বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮)। এবং একই থানা জেলার কাগজপুকুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।