মহেশপুরে নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ পাচারকারী দম্পতি গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ ও বিক্রি নিষিদ্ধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার নেপা এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) ও তার স্ত্রী পারভীন খাতুন (১৯)।

মহেশপুর থানার এসআই টিপু সুলতান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল ভোররাতে নেপা গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের বাড়িতে হানা দেয়। পুলিশ সদস্যরা ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে অভিযান শুরু করলে ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন চম্পট দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে।

পুলিশ তাদের ঘরে তল্লাশি চালিয়ে শোয়ার ঘরের বিছানার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস ভারতীয় অবৈধ ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করে। এসব ওষুধ বাংলাদেশে বিক্রি ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, উদ্ধার চোরাচালানি মালামালের ঘটনায় বিশেষ ক্ষমতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ঝিনাইদহ বিচারিক আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে।