শার্শায় সন্ত্রাসীদের হাতুড়িপেটা ও অস্ত্রের কোপে পিতা পুত্র আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামে সন্ত্রাসীদের হাতুড়িপেটা ও ধারালো অস্ত্রের কোপে জামাল উদ্দিন (৫০) ও তার পুত্র মিকাইল হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। আহত জামাল উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সকালে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী মিলন হোসেন জানিয়েছেন, গতকাল (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে মিকাইল হোসেন বাড়ির পাশে ইমামুলের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একই গ্রামের সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর হোসেন, কিবরিয়া, কানা শহিদুল ও ওবাইদুলসহ ৭/৮ জন এসে মিকাইলকে হাতুড়ি দিয়ে মারপিট করতে থাকে। তখন পিতা জামাল উদ্দিন ছেলেকে উদ্ধার করতে আসলে সন্ত্রাসীরা তাকেও হাতুড়ি দিয়ে বেদম প্রহার করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে গুরুতর আহত হলে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর জামাল উদ্দিনের অবস্থার অবনতি ঘটে। তখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ছেলে মিকাইল ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিলন হোসেন জানিয়েছেন, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
অপরদিকে, গতকাল বিকেলে শহরের বেজপাড়া প্যারিমোহন রোডস্থ রুহুল আমিনের পুত্র রাহাতুল আমিনকে প্রতিবেশী ও মাদকসেবী মনিরুল ইসলাম মারপিট করলে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাহাতুল আমিন যশোর সরকারি এমএম কলেজের অর্থনীতি (সম্মান) ২য় বর্ষের ছাত্র। মাদকসেবন করার বিরুদ্ধে কথা বলায় মনিরুল ক্ষিপ্ত হয়ে পাথর দিয়ে রাহাতুলের মাথায় আঘাত করে। এছাড়া পূর্ব শত্রুতার জের ধরে ঝিকরগাছা উপজেলার বাইশা গ্রামের আবুল কাসেম মোড়লে ছেলে মিরাজ হোসেন (১৪) প্রতিপক্ষের হাতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।