শার্শায় বোমা বানাতে গিয়ে দুইজন জখম

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুইজন জখম হয়েছেন। এরমধ্যে একজনের একটি চোখ নষ্ট ও হাতের একটি কব্জি বিচ্ছিন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শার্শার পুটখালী খলসি স্কুলের পেছনে।

আহতরা হলেন বালুন্ডা গ্রামের চিহ্নিত অপরাধী কামরুল ইসলামের সেকেন্ড -ইন- কমান্ড মানোয়ার গাইনের ছেলে মো. ফকরুল আলম পল্টু গাইন (৫০) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আলী হোসেন (৪০)।

আহতরা প্রাথমিকভাবে গোপনে শার্শার বাগআঁচড়ার সাতমাইল এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন বলে জানা গেছে। এরপর ফকরুল ইসলাম পল্টুর অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নেওয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেওয়া হয়।

সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধাগ্রস্থ করতে যশোর- ১ শার্শা উপজেলার সীমান্ত এলাকায় বিগত আওয়ামী লীগের আমলের দুর্বৃত্তরা সক্রিয় হয়ে উঠেছে।

সূত্র জানায়, শার্শার পুটখালী ইউনিয়নের ভয়ংকর একটি জনপদের নাম বালুন্ডা। যে গ্রামে গত আওয়ামী লীগের আমলে সাধারণ মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি ছিল। সন্ত্রাসীরা তাদের দৌরাত্ম ধরে রাখতে ২০২৪ সালের ৫ আগস্ট বালুন্ডা গ্রামের আলতাফ হোসেনের ছেলে সোলাইমানকে (৪০) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এতে নেতৃত্ব দেন কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী। সেই ধারাবাহিকতা ধরে রাখতে কামরুল ইসলাম তার আপন শ্যালককে দিয়ে বোমা মজুদ করতে বোমা বানাচ্ছিল।

বালুন্ডা গ্রামের ওয়ার্ড বিএনপির একজন সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী নির্বাচনে সহিংসতা সৃষ্টি করতে একটি সন্ত্রাসী বাহিনী পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও বোমা মজুদ করছে। যা শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্থ করতে পারে।

পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জানান, বারোপোতা খলসী মাঠের ভেতর এরকম একটি ঘটনা ঘটেছে। তার ডান হাতের আঙ্গুল ও একটি চোখ নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।