কারাগারে অসুস্থ দীপু মনি : মুন্সীগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য সোমবার সকাল ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর আগে রোববার রাতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে তিনি শারীরিক অস্বস্তি বোধ করলে প্রথমে স্থানীয় জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড এবং অ্যালার্জিজনিত জটিলতায় ভুগছেন। তার বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানিয়েছেন, ডা. দীপু মনি আগে থেকেই এই রোগগুলোতে আক্রান্ত এবং তার নিয়মিত চেকআপের প্রয়োজন হয়। রোববার রাতে তিনি অসুস্থ বোধ করায় কারাগার থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তার অবস্থা আশঙ্কাজনক বা গুরুতর নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা শেষে তাকে আবারও মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হবে।