“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” প্রতিপাদ্যে ঝিকরগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী একযোগে পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশফাকুজ্জামান খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

তিনি তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও সেটির নিয়মিত পরিচর্যা করতে হবে। শিক্ষার্থীদের এই ছোট উদ্যোগই ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অভিভাবক কমিটির সদস্য মুরাদুন্নবী মুরাদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পিআইও এবং সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।