শার্শায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

0
ছবি: লোকসমাজ।

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ শার্শা উপজেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মাত্র ২০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ৬২ জন রোগী। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাধারণ ভাবে জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। রক্ত পরীক্ষা করে দেখা যাচ্ছে, জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের বেশির ভাগই ডেঙ্গু রোগে আক্রান্ত।

সূত্রে জানা গেছে, বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৮জন এমবিবিএস ডাক্তার রয়েছেন।

পর্যায়ক্রমে তারা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। প্রতিদিন শ শ রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে আসতে দেখা যায়। নাভারণ হাসপাতালে অনেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ নাভারণ হাসপাতালে কোনো মেডিসিন, শিশু ও কনসালটেন্ট ডাক্তার নেই।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তৌফিক পারভেজ জানান, গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে রোগীদের চাপ বেশি। তার মধ্যে বেশির ভাগ ডেঙ্গু রোগী। তিনি বলেন জনসংখার দিক দিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও রোগীর তুলনায় ডাক্তার সংকট রয়েছে। তিনি বলেন দ্রুত এ হাসপাতালে মেডিসিন, শিশু ও কনসালটেন্ট ডাক্তার প্রয়োজন।

ডেঙ্গু রোগীদের ব্যাপারে তিনি বলেন গত ২০ দিনে নাভারণ হাসপাতালে ৬২জন ডেঙ্গু রোগী ভর্তি হন। তার মধ্যে ৪৮ জন রোগী হাসপাতালের ফ্রি ওষুধ খেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও অন্তত ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তৌফিক পারভেজ বলেন ডেঙ্গু রোগ থেকে বাঁচতে হলে সরাইকে অধিক সচেতন হতে হবে। তার মধ্যে ঘুমানোর সময় সর্বদা মশারি ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না।