শার্শায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

0
ছবি: সংগৃহীত।

অনলাইন রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল পৌনে ৭টার দিকে শার্শা থানার খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী শাহিন হোসেন (৩৫) ও তুজাম্মেল হোসেন (৪৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) এবং উলাশি থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেলের (সাতক্ষীরা হ-১৩-৮১৬৬) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

মোটরসাইকেল চালক শাহীনুর ঘটনাস্থলেই নিহত হন। তিনি শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে। এসময় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উলাশি এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কভার ভ্যানটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।