শার্শায় অনিরাপদ শিশুখাদ্য বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

শার্শা(যশোর)সংবাদদাতা॥ শার্শা উপজেলার নাভারণ বাজারে মেয়াদোত্তীর্ণ, উৎপাদনের তারিখবিহীন ও অনুমোদনহীন রঙ ব্যবহার করে তৈরি শিশুখাদ্য বিক্রির দায়ে বিসমিল্লাহ স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।

বৃহস্পতিবার দুপুরে যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। ঠিকানাবিহীন একটি ফ্যাক্টরিতে তৈরি করা শিশুখাদ্য দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ এ রকম অনিরাপদ শিশুখাদ্য জব্দ করা হয়।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব খাদ্য গ্রহণের ফলে শিশুরা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। এমনকি কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিও রয়েছে।

প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। শার্শা থানা পুলিশ ও যশোর জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।