পল্লী বিদ্যুতের দুই কর্মচারিকে মারধরের অভিযোগে মামলা, আটক ৩ নারী

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ২ কর্মচারী। সোমবার দুপুরে যশোর সদর উপজেলার কামালপুর (সতীঘাটা) গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় তাদেরকে ছুরিকাঘাত, লোহার রড দিয়ে মারধরসহ ঘরের ভেতর আটকে রাখা হয়েছিলো বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত নারী ও তার দুই মেয়েকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, কামালপুরের (সতীঘাটা) আব্দুস সালামের স্ত্রী জাহানারা খাতুন (৪৫) এবং দুই মেয়ে শারমিন খাতুন (২৫) ও সুর্মি সওদাগর (১৯)।

পুলিশ জানায়, ওই ঘটনায় আটক ৩ জনসহ ৬ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মো. মনিরুজ্জামান খাঁন। আটক ৩ জন ছাড়া মামলার অপর ৩ আসামি হলেন, কামালপুরের (সতীঘাটা) পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক আব্দুস সালাম (৫০), মৃত আবু ড্রাইভারের ছেলে মামুন (৩০) ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম (৩৫)।

এজিএম (প্রশাসন) মো. মনিরুজ্জামান খাঁনের অভিযোগ, গ্রাহক আব্দুস সালামের ৩ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ কারণে তাদের লাইনম্যান অরিন্দম মন্ডল ও জিতু টিকাদার সোমবার দুপুরে সেখানে গিয়ে আব্দুস সালামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ সময় আব্দুস সালাম এবং তার স্ত্রী ও মেয়ে প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন এবং কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তখন কর্মচারীরা তাদের গালি দিতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে তারা মারধর শুরু করেন।

ছবি: সংগৃহীত।

এক পর্যায়ে মামুন নামে একজন কর্মচারী অরিন্দম মন্ডলকে ছুরিকাঘাত করেন। অন্যরা লোহার রড দিয়ে কর্মচারী জিতু টিকাদারকে মারধর করেন।

পরে তারা কর্মচারীদ্বয়কে ঘরের ভেতর নিয়ে আটকে রাখেন। এরই মধ্যে আটক কর্মচারীরা মোবাইল ফোনে বিষয়টি এজিএম মো. মনিরুজ্জামান খাঁনকে জানান।

এ খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে কর্মচারীদ্বয়কে আহত অবস্থায় উদ্ধার করেন। এ সময় পুলিশ আটক করে আব্দুস সালামের স্ত্রী ও দুই মেয়েকে। অন্যরা পালিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আটক ৩ জনকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।