শার্শায় আফিল ও চৌগাছায় হাবিবের কবল থেকে উদ্ধার হলো ১৩৫ বিঘা সরকারি জমি

0

স্টাফ রিপোর্টার ॥ শার্শা ও চৌগাছায় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতার দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করে সাইনবোর্ড গেড়ে দিয়েছে প্রশাসন। বুধবার যশোরের চৌগাছা ও শার্শা উপজেলা থেকে ১৩৫ বিঘা সরকারি সম্পত্তি দখলমুক্ত করে স্থানীয় প্রশাসন।
শার্শার সাবেক এমপি শেখ আফিল উদ্দীনের দখল থেকে মুক্ত হয়েছে ১২৩ বিঘা ও চৌগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবের দখলমুক্ত হয়েছে ১২ বিঘা জমি। অবৈধ দখলে থাকা এসব জমি উদ্ধার করে স্ব স্ব উপজেলার ভুমি প্রশাসন সেখানে লাল নিশানা টাঙিয়ে দিয়েছে।
জানা গেছে, এ উপজেলার হরিণাপোাতা মৌজার এক খতিয়ানে থাকা ৫৩ একর জমির মধ্যে সাবেক এমপি আফিল উদ্দীন জোরপূর্বক ৪১ একর জমি নিজের ভোগদখলে রেখেছিলেন। জাল দলিল ব্যবহার করে জমিগুলো বিভিন্ন নামে দখল করে রাখা হয়েছিলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। গতকাল বুধবার সহকারী কমিশনার তাসমিন জাহানের (ভূমি) নেতৃত্বে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. নাজিব হাসান বলেন, দীর্ঘ দিন ধরে সরকারি এই জমি অবৈধভাবে দখল করে একটি চক্র ভোগদখল করে আসছিল। বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তা দখলমুক্ত করেছি। শার্শা উপজেলা ব্যাপী সরকারের এক খতিয়ানে যত অবৈধ জমি বেদখল আছে সেগুলো দখলমুক্ত করা হবে।


অপরদিকে চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার আরএস খতিয়ান ১ এর পুকুর ও পুকুর পাড় শ্রেণির আরএস দাগ ২৪১৯, জমির পরিমাণ ২ দশমিক ৬৪ ও আরএএস দাগ ২৪২০, জমির পরিমাণ এক দশমিক ২৫ একর সরকারি সম্পত্তি রয়েছে। ওই জমি ৩০ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান। বুধবার জমিটি অবৈধ দখলমুক্ত করে লাল নিশানা টাঙিয়ে দেয়া হয়েছে। জমিটিতে সরকারি মালিকানার সাইনবোর্ডও টাঙানো হয়েছে ।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি জমি হোক বা মালিকানা জমি হোক কোনো জমিই কেউ অবৈধ দখল করে রাখতে পারবেনা। এ বিষয়ে স্ব স্ব উপজেলা প্রশাসন কাজ করছে।