শার্শার কায়বায় বিএনপির আট নেতা-কর্মী আহত

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির আটজন নেতা-কর্মীকে পিটিয়ে জখম হয়েছেন। গতকাল বুধবার সকালে কায়বা ইউনিয়নের বাগুড়ি বকুলতলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের মোদাচ্ছের সরদারের ছেলে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য ওলিয়ার রহমান,আবুল হোসেনের ছেলে যুবদল কর্মী উজ্জল হোসেন, হানেফ আলীর ছেলে যুবদল কর্মী মনিরুজ্জামান, নূর মোহাম্মদের ছেলে যুবদল কর্মী শহিদুল ইসলাম, আব্দুর সাত্তারের ছেলে আনোয়ার হোসেন, মশিয়ার রহমানের ছেলে সোহেল ও লিপু। এর মধ্যে ওলিয়ার রহমান, সোহেল ও লিপু বাঁগআঁচড়ায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে এলাকায় ফিরছিলেন কয়েক জন নেতা-কর্মী। পথে বাগুড়ি বকুলতলায় পূর্বশত্রুতার জের ধরে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এসময় ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান,বিষয়টি জানার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। থানায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।