শান্তনু ইসলাম সুমিত বিসিবি পরিচালক নির্বাচিত, যশোরে আনন্দের বন্যা

0
বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন
শান্তনু ইসলাম সুমিত- লোকসমাজ

মাসুদ রানা বাবু ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন। রোববার দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পরিচালক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শান্তনু ইসলাম সুমিত ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) খুলনা থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। তিনি ১১ ভোটের মধ্যে ১০ ভোট পেয়েছেন। একই পদে শফিকুল আলমও নির্বাচিত হয়েছেন।

এদিকে শান্তনু ইসলাম সুমিত দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পরিচালক নির্বাচিত হওয়ায় যশোরে আনন্দের বন্যা বইছে। তারা বলছেন, সঠিক ক্রীড়া কাঠামো তৈরির মাধ্যমে যশোর তথা খুলনা বিভাগে ক্রিকেটের বিকাশ এবং নতুন ক্রিকেটার তৈরির ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। যার মাধ্যমে এই অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে, যারা আগামী দিনে খুলনা বিভাগের হয়ে মাঠ কাঁপাবেন। পাশাপাশি এই অঞ্চলের ক্রীড়াঙ্গন সুষ্ঠু এবং পরিশীলিত ধারার মধ্য দিয়ে পরিচালিত হবে।

জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, বিগত দিনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যশোর থেকে বিসিবির পরিচালক হয়েছিলেন যারা, তারা যশোরের ক্রীড়াঙ্গনে কোনো সুফল বয়ে আনতে পারেননি। তিনি বোর্ড মিটিংয়ে যশোরের ক্রিকেটের কোনো সুবিধা-অসুবিধার কথাটি বলতে পারেননি। এবারের বিসিবি নির্বাচনে শান্তনু ইসলাম সুমিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এরপর নির্বাচিত কাউন্সিলরদের ভোটে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। তার মাধ্যমে যশোরের ক্রিকেট শুধু নয়, সমগ্র ক্রীড়াঙ্গনের চিত্র পাল্টে যাবে। বিশেষ করে যশোরে নতুন করে নিয়মিতভাবে ক্রিকেট লিগ ও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ক্রিকেটের পাশাপাশি যশোরের মাঠে পুনরায় সকল ইভেন্টের খেলাধুলার যাত্রা শুরু হবে। সবচেয়ে ভালো লাগার বিষয়টি হলো, শান্তনু ইসলাম সুমিতের কাছে গিয়ে যশোরের ক্রীড়া সংগঠক থেকে শুরু করে খেলোয়াড়বৃন্দ খোলা মনে কথা বলতে পারবেন। একটি ক্রীড়া কাঠামো তৈরি হবে, যে কাঠামোর মধ্য দিয়ে যশোর তথা খুলনা বিভাগের ক্রীড়াঙ্গন সঠিক, সুষ্ঠু এবং পরিশীলিত ধারায় চলবে।

সাবেক ক্রিকেটার এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, বিগত দিনে আমাদের ক্রীড়া সংগঠকদের মতামতকে পদদলিত করে রাজনৈতিক ক্ষমতাবলে একজন কাউন্সিলর থেকে বিসিবি পরিচালক হয়েছিলেন। কিন্তু তার কোনো কার্যক্রম যশোরের মাটিতে আমরা ক্রীড়া সংগঠকরা দেখিনি। কিন্তু শান্তনু ইসলাম সুমিতকে আমরা যশোরের ক্রীড়াঙ্গনে পেয়েছি। সে কারণে আমরা যশোরের সর্বস্তরের ক্রীড়া সংগঠক, খেলোয়াড়বৃন্দ মনে করি আপাদমস্তক একজন যোগ্য ব্যক্তি যশোর থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। তার হাত ধরে যশোরের শুধু ক্রিকেট নয়, সমগ্র ক্রীড়াঙ্গন নতুন মাত্রা পাবে।

ক্রিকেটার তৈরির ক্ষেত্রে স্থানীয় এবং বিসিবির অনেক সহযোগিতার প্রয়োজন হয়। শান্তনু ইসলাম সুমিতের কাছ থেকে আগামী দিনে আমাদের যশোরের ক্রিকেটাররা উদারচিত্তে সর্বাত্মক সহযোগিতা পাবে।

লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বার্তা সম্পাদক শিকদার খালিদসহ লোকসমাজ পরিবার।