শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এ ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ পুনরায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে গোসল শেষে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার জন্য নেওয়ার প্রস্তুতি রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হৃদ্‌রোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহকারে হাদির মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করেছে। মাঠে রয়েছে প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরা।

এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পরিবারের দাবির প্রেক্ষিতে শহীদ শরিফ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মানিক মিয়া এভিনিউ এলাকায় বাদ জোহর জানাজার আয়োজনের কথাও জানানো হয়।