শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুর যাচ্ছেন তারেক রহমান

0
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; যিনি আগামী ১২ জানুয়ারি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের উত্তরবঙ্গ সফরে আগামী ১২ জানুয়ারি রংপুর যাচ্ছেন। সফরের ২য় দিন তিনি পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। তারেক রহমানের সফর সংক্রান্ত পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অব.) গণিউল আজম সফরের বিস্তারিত কর্মসূচি নিশ্চিত করেছেন।

কর্মসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন তারেক রহমান এবং সেখানে রাতযাপন করবেন। ১২ জানুয়ারি পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে তিনি দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন। ১৩ জানুয়ারি তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করে রংপুরে রাতযাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

সফরকালে তারেক রহমান মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। এছাড়া তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে নির্বাচনী আচরণবিধি রক্ষায় কোনো বড় শো-ডাউন বা জনসভা করা হবে না।