শরণখোলায় সংঘর্ষে বাজার বন্ধ

0

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় একটি বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এসময় ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার ঘটনায় শনিবার সকাল থেকে তাফালবাড়ী বাজার বন্ধের ডাক দিয়েছেন পরিচালনা কমিটি।
বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ওমর সরদার জানান, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী রায়েন্দা ইউনিয়নের চালরায়েন্দা গ্রামের জোমাদ্দার বাড়ির কতিপয় যুবক অকারণে বাজারের দোকানিদের মারধর ও জোর করে দোকানের মালমাল নিয়ে যায়। শুক্রবার দুপুরে তাফালবাড়ী বাজারে স্কুল শিক্ষক আলামিন খানকে মারধর করে জোমাদ্দার বাড়ির ওই যুবকরা। এঘটনায় শুক্রবার সন্ধ্যায় তাফালবাড়ী বাজারের ব্যবসায়ী ও উচ্ছৃংখল যুবকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে মাসুম হাওলাদারও রিয়াদুল মৃধাসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাজারের ৪শ’ দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।
প্রতিপক্ষ চাল রায়েন্দা গ্রামের সামসু জোমাদ্দার জানান, জোমাদ্দার বাড়ির বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন জানান, তাফালবাড়ি বাজারের পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।