লোহাগড়ায় কোরবারনির হাটে উঠবে লাল বাহাদুর, কালা রাজা ও কম্পিউটার লাল বাবু

0

 

শিমুল হাসান, লোহাগড়া(নড়াইল)॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির হাট কাঁপাতে নড়াইলে প্রস্তুত লাল বাহাদুর, কালা রাজা ও কম্পিউটার লাল বাবু। দেশীয় প্রাকৃতিক খাবার খাইয়ে নিজ খামারে এক প্রবাসী যত্নে লালনপালন করেছেন ব্যতিক্রমী নামকরণের ষাঁড় তিনটি । সূত্র জানায়, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গোলাপ খানের ছেলে মালেশিয়া প্রবাসী আজিজুল হক খান(৪০) ২০১৮ সালে নিজ বাড়িতে সাড়ে চার লাখ টাকা মূল্যের ৫টি গাভী গরু কিনে ‘খান এগ্রো ফার্ম’ নামে খামার শুরু করেন। এখন খামারে দুগ্ধ প্রদানকারী গাভী ২টি, ষাঁড় ১১টি, বকনা বাছুর ৫টি, গর্ভবতী গাভী ১২টিসহ মোট ৩০টি গরু আছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
করোনাকালে দুধ বিক্রিতে সমস্যায় পড়ে যান আজিজুল হক খান। নিরুপায় হয়ে অল্পদামে কিছু গরু বিক্রি করে দিতে হয়। দুধ গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন তিনি। বাজার ও ক্রেতার অভাবে সবমিলিয়ে প্রায় ৪০ লাখ টাকা লোকসান হলেও তিনি হাল ছাড়েননি। অক্লান্ত পরিশ্রম করে আজ সেই লোকসানের খামারে লাভের মুখ দেখছেন আজিজুল হক খান।
মূল উদ্যোক্তাকে প্রবাসে যেতে হয়। তাই খান এগ্রো ফার্মের গরুর সেবা-লালন পালনে অগ্রণী ভূমিকা পালন করেন প্রবাসীর সেজোভাই কেএম নাজমুল হুদা। তিনি বলেন, ভাত,খুদ, দয়াকলা, ঘাস, তালশাস, খৈল এসবই হলো আমাদের খামারের গরুর খাবার। গরু তাজা-মোটাকরণে কোন বৈজ্ঞানিক পন্থা আমরা অনুসরণ করি না। প্রাকৃতিকভাবেই গরুগুলো বেড়ে উঠেছে।
তিনি জানান, বর্তমানে খামারের তিনটি ষাঁড় সাধারণ মানুষের নজর কেড়েছে। লাল বাহাদুর ষাঁড়ের বয়স দেড় বছর, সম্ভাব্য দাম তিন লাখ টাকা। কালা রাজা ষাঁড়ের বয়স চার বছর। সম্ভাব্য দাম আট-দশ লাখ টাকা। কম্পিউটার লাল বাবু ষাঁড়ের বয়স চার বছর। সম্ভাব্য দাম চার-পাঁচ লাখ টাকা। গরুর প্রাথমিক চিকিৎসার বিষয়টি দেখেন বড় ভাই রেজাউল করিম খান। তিনি পশু সম্পদ কার্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।
খামারের মালিক (মেজো ভাই) প্রবাসী আজিজুল হক খান জানান, স্বপ্ন ছিলো একটি খামারের মাধ্যমে কিছু বেকারের কর্মসংস্থান করবো। কমমূল্যে গ্রামবাসীকে দুগ্ধ সেবা দেবো। সর্বোপরি খামার ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো। আমি অনেকটা সফল হয়েছি। খামারের পরিধি আরো বৃদ্ধি করতে চাই। ব্যাংকসহ সরকারি সহযোগিতা পেলে সহজ হয়।