লোহাগড়ার দুর্ধর্ষ নান্টু ও ওহিদ কাজীর বিরুদ্ধে নেপথ্যে থেকে সন্ত্রাস চালানোর অভিযোগ

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা ।। নড়াইলের  লোহাগড়া  উপজেলার  আওয়ামী লীগ  শামনামলের  দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত  হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, লুটপাটসহ অন্তত ২৮ টি মামলার আসামি নান্টু সিকদার ও ওহিদ কাজীর দাপটে তটস্থ এলাকার মানুষ। তারা রয়েছে পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তারা এখন বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে সূত্র জানায়।  অভিযোগ রয়েছে, আত্মগোপনে থেকেও তারা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ, লোহাগড়ার  তেলকাড়া  গ্রামের আকু  শিকদারের ছেলে  ও  কোটাকোল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আওয়ামী লীগ ক্যাডার নান্টু সিকদার। সর্বশেষ লোহাগড়া থানায়  আওয়ামী লীগ সহসহযোগী সংগঠনের নামে দায়েরকৃত  চাঁদাবাজি, হামলা-ভাংচুর, মারপিট মামলার ৫০ নম্বর আসামি নান্টু সিকদার। মামলা নং-১১। তারিখ ১৯/৯/২৪।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ধর্ষ  নান্টু সিকদারের  নামে নড়াইলের  লোহাগড়া থানায় ১১টি মামলা, নড়াইলের নড়াগাতী থানায় ৩টি মামলা, গোপালগঞ্জ সদর থানায় ১টি মামলা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় ১টি মামলা, ঢাকার আশুলিয়া থানায় ১টি মামলা রয়েছে। সর্বমোট  মামলার সংখ্যা ১৭টি।

নান্টু সিকদারের দাপটে  তেলকাড়া, করগাতি, দিঘলিয়া, ভাটপাড়া, চরভাটপাড়া, কোটাকোল, দিঘলিয়াসহ কয়েকটি এলাকার মানুষ আতংকে দিন কাটিয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ আমলে প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধিদের ছত্রছায়ায়  নান্টু সিকদার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে সক্ষম হন। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে  বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করেন নান্টু সিকদার। মাইগ্রাম সরকারি  প্রাথমিক বিদ্যালয়  মাঠে  গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত  কোটাকোল ইউনিয়ন  বিএনপির সভায় বিএনপি নেতাকর্মীদের  সাথে ছবি তুলে নতুন করে আলোচনায় আসেন তিনি।

অপরদিকে বয়রা  গ্রামের  বাসিন্দা  ইমদাদ কাজীর ছেলে ও  ১১টি মামলার আসামি যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত ওহিদ কাজীর দাপটে  তটস্থ কয়েক গ্রামের মানুষ। তার পরিকল্পনায়  এখনো ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে।  বয়রা গ্রামের যুবক  বুলবুল ইসলাম ওরফে  নয়ন শেখ হত্যাকান্ডের  ঘটনায় গত ৩ আগস্ট ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামি করে  মামলা দায়ের করা হয়।  লোহাগড়া থানার মামলা নং-৫/১৯৯।  দুর্ধর্ষ অহিদ কাজী ওই মামলার এজাহারভুক্ত  আসামি।

মামলার আসামি হওয়ায় অভিযুক্ত  নান্টু সিকদার  ও  ওহিদ কাজীর বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বয়রা গ্রামে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ গোলজার শেখ ও  রহমত  আলী নামে দুজনকে গ্রেফতার করেছে। অন্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।