লোহা-ধূসর বিদায়, পুলিশের নতুন পোশাক গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট — মহানগরে হালকা জলপাই

0
পুলিশের পোশাকের রঙে বড় পরিবর্তন এনেছে সরকার। জেলা ও অন্যান্য ইউনিটের শার্ট গাঢ় নীল, মহানগরে হালকা জলপাই এবং প্যান্ট হবে খাকি রঙের। ড্রেস রুলস সংশোধন করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দপ্তর।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পোশাকের রঙে ও কাপড়ে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেলা পুলিশসহ সাধারণ পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল এবং মহানগর পুলিশের শার্ট হবে হালকা জলপাই রঙের। তবে উভয় ক্ষেত্রেই প্যান্টের রং হবে খাকি। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধ্যাদেশ, ১৮৬১-এর ১২ ধারায় দেওয়া ক্ষমতাবলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করেছেন, যার মাধ্যমে পূর্বের বিধান পরিবর্তন করা হলো।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর অতিরিক্ত বলপ্রয়োগ ও গুলি করে মানুষ হত্যার ঘটনার পর পুলিশের পোশাক পরিবর্তনের জোর দাবি ওঠে। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে র‍্যাব ও আনসারের পোশাকে আর পরিবর্তন করা হয়নি, তবে পুলিশের পোশাক পরিবর্তন করা হলো। পূর্বের বিধানে পুলিশের শার্টের রং ছিল আইরন বা লোহা-ধূসর এবং প্যান্টের রং ছিল কফি শেল বা কফি-বাদামি ধূসর।

নতুন প্রজ্ঞাপনে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রঙেও পরিবর্তন আনা হয়েছে। শীতকালীন পোশাকের ক্ষেত্রে লোহা-ধূসর রঙের শার্টের ওপর একই রঙের ফুলহাতা জার্সি বা জ্যাকেটের বদলে এখন নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা জ্যাকেট যুক্ত করা হয়েছে। তবে মহানগর পুলিশের জন্য জ্যাকেটের রং হবে হালকা জলপাই।

নতুন পরিপত্র অনুযায়ী, মহানগর পুলিশ ব্যতীত জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাবসহ পুলিশের অন্যান্য সকল ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট এবং সমদূরত্বে সাতটি বোতাম থাকবে। গ্রীষ্মকালে এই শার্ট অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা হবে।

নারী পুলিশের পোশাকের ক্ষেত্রে বলা হয়েছে, তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরতে হবে। এছাড়াও নারী সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটের নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন এবং গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের অনুমতি নিয়ে সাধারণ পোশাক পরার বিধান রাখা হয়েছে।