লাল কার্ড মওকুফেও জমল না ট্রাম্পের বাজি, মাঠের লড়াইয়ে শেষ হাসি বেলজিয়ামের

0
লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের পর মাঠে নেমেও বেলজিয়ামের ডিফেন্ডারদের কড়া পাহারায় অসহায় ফোলারিন বালোগান।। ছবি: সংগৃহীত
মাঠের লড়াই শুরুর আগেই মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানকে খেলানো নিয়ে ফুটবল বিশ্বে তৈরি হয়েছিল বড় বিতর্ক। তবে সেই বালোগান ইস্যুতে ফিফার আদালতে বেলজিয়াম হেরে গেলেও মাঠের খেলায় তাকে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে রীতিমতো পর্যুদস্ত করেছে বেলজিয়ানরা।
সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বেলজিয়াম। যে বালোগানকে খেলার সুযোগ করে দিতে ফিফা নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল, মাঠের নিয়ন্ত্রণে পুরো ৯০ মিনিটে তিনি মাত্র ১৯ বার বল স্পর্শ করতে পেরেছেন।

যুক্তরাষ্ট্রের শেষ বত্রিশের ম্যাচে বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগান। ন্যূনতম শাস্তি হিসেবে এক ম্যাচ তাঁর মাঠের বাইরে থাকার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনের পর ফিফা তা স্থগিত করে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিষেধাজ্ঞা বহালের আবেদন নিয়ে ফিফায় আপিল করেছিল বেলজিয়াম। তবে ‘ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নয়’ জানিয়ে তাদের আপিল খারিজ করে দেয় ফিফা। যার ফলে, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেও পরের ম্যাচেই খেলতে নেমে যান আজ। তবে পুরো ম্যাচে বেলজিয়ামের রক্ষণভাগ বালোগানকে খুব বেশি নড়াচড়ার সুযোগ দেয়নি।

ম্যাচে বেলজিয়াম এগিয়ে যায় নবম মিনিটেই। নিকোলাস রাসকিনের পাস থেকে গোলমুখে টোকায় বল জালে পাঠান চার্লস ডি কেটেলারা। তবে শুরুর ধাক্কা সামলে ৩১ মিনিটে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের নেওয়া ফ্রি-কিক বেলজিয়ান মিডফিল্ডার হান্স ফানাকানের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায় (১-১)। তবে যুক্তরাষ্ট্রের এই স্বস্তি দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে আবারও এগিয়ে দেন কেটেলারা।

১-২ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা যুক্তরাষ্ট্র ৫৭ মিনিটে গোলকিপার ম্যাট ফ্রিজের মারাত্মক ভুলে ম্যাচ থেকে ছিটকে যায়। ফ্রিজ বক্সের বাইরে এসে বল বিপদমুক্ত করতে গিয়ে গড়বড় করে ফেললে সেটি কেড়ে নেন কেটেলারা। তাঁর পাস থেকে প্রায় ৩৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে শট নিয়ে ব্যবধান ৩-১ করেন ফানাকান।

ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও নিজেদের ভুলে গোল হজম করে যুক্তরাষ্ট্র। এ যাত্রায় ক্রিস রিচার্ডসের ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে রোমেলু লুকাকুকে বাড়িয়ে দেন ফানাকান। বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠোকেন লুকাকু (৪-১)। এই জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার লড়াইটি হবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার রাত ১টায়।