আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

0
দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ভক্তদের দেওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ।। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি জানান যে, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তাঁর আর দেওয়ার মতো কিছু বাকি নেই এবং এটাই বিদায় নেওয়ার সঠিক সময়।

ফাইনালের পর দীর্ঘ চিন্তাভাবনা শেষে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানিয়ে মেসি লিখেছেন, “ফাইনালের পর এতটা সময় কেটে যাওয়ার পর এবং অনেক চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…” এই সিদ্ধান্ত তাঁকে গভীরভাবে কষ্ট দিলেও তিনি অনুভব করেছেন যে বিদায় নেওয়ার এটাই উপযুক্ত সময়।

মেসি তাঁর পোস্টে জানান, “আমি শপথ করে বলছি যে আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি, শুধু শেষ কয়েক বছরে যখন আমরা সবকিছু জিতেছি তখনই নয়, তার আগেও।” তিনি আরও বলেন যে, সবসময় এই জার্সির জন্য তিনি লড়াই করেছেন, যাতে ফুটবল দিয়ে সমর্থকদের আনন্দ দিতে পারেন এবং তাঁদের গর্বিত করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তার মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি।। ছবি: ফেসবুক পোস্ট থেকে

তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে কিংবদন্তি এই ফুটবলার লেখেন, “আমি আমার সবকিছু দিয়ে দিয়েছি; আমার আর দেওয়ার মতো কিছু নেই, এবং তাছাড়া, আমার পেছনে কিছু দুর্দান্ত তরুণ খেলোয়াড় উঠে আসছে যারা সেখানে থাকার যোগ্য।”

বিদায়বেলায় দীর্ঘ ২০ বছর ধরে সমর্থন দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানান মেসি। এখন থেকে তিনি মাঠের বাইরে থেকে একজন সাধারণ সমর্থকের মতো দলকে উৎসাহ দিয়ে যাবেন বলে জানিয়েছেন। পোস্টে পরিবার, কোচ, সতীর্থ এবং ম্যানেজারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এই আবেগঘন বার্তার শেষে মেসি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “হে ঈশ্বর, আমাকে আর্জেন্টাইন বানানোর জন্য তোমাকে ধন্যবাদ।” পোস্টের একদম শেষে তিনি উল্লেখ করেন যে, এই কথাগুলো তিনি ২১ জুলাই লিখেছিলেন, তবে সম্প্রতি তাঁর বাবার মৃত্যুর পর তিনি অবসরের বিষয়ে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন।