লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন: জুবাইদা রহমান

0

লোকসমাজ ডেস্ক ॥ দুই সপ্তাহ শাশুড়ি খালেদা জিয়ার পাশে থাকার পর লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আজ শনিবার সকাল সাড়ে আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ( বিজি-২০১) লন্ডন রওনা হয়েছেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবীর খান বলেন, পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডন ফিরে গেছেন ডা. জুবাইদা রহমান। নির্দিষ্ট সময়েই উড়োজাহাজটি ছেড়েছে।

এরআগে, গত ৫ ডিসেম্বর তিনি দেশে পৌঁছান। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডনযাত্রায় সঙ্গী হতে তিনি ঢাকায় এসেছিলেন।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে আগের চেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশি স্থিতিশীল।