লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাঁচ সদস্যের নিয়োগ বোর্ডের বাইরে অনাকাঙ্খিত কয়েকজনের উপস্থিতি ও হুমকি-ধামকির অভিযোগে নিরাপত্তার অভাববোধ করে বিদ্যালয়ের সভাপতি নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। বিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৩ জন শিক্ষক আবেদন করেন।। ২৬ নভেম্বর পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় । শনিবার সকাল ১১টার দিকে পরীক্ষার জন্যে প্রশ্নমালা প্রস্তুত করবার আগে পাঁচ সদস্যের নিয়োগ বোর্ডের সদস্যরা ছাড়াও প্রধান শিক্ষকের রুমে উপস্থিতি হন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান। বিষয়টি নিয়ে প্রথমে বিতর্ক শুরু হয়। উপস্থিতির কারণ জানতে চাইলে সাংবাদিকসহ নিয়োগ বোর্ড ও উপস্থিত লোকজনদের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান বলেন, লক্ষীপাশা স্কুল এর যথেষ্ট সুনাম রয়েছে। আমার কাছে এই স্কুলের প্রাক্তন ছাত্রসহ এলাকার মানুষ নিরপেক্ষভাবে প্রধান শিক্ষক নিয়োগের দাবি করেছেন। জেলা শিক্ষা অফিসার হিসেবে আমি দায় এড়াতে পারিনা। দায়বদ্ধতা থেকেই এখানে এসেছি। তিনি আরো বলেন, আমি নিয়োগ বোর্ডের সদস্যদের হয়তো অনুরোধ করতে পারি যে এই বই থেকে কোন প্রশ্ন করেন। আমি চাই একজন ভালো শিক্ষক নিয়োগ হোক। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ বদরুল আলম অভিযোগ করেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অন্য একটি স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। আজ তিনি নিজ পছন্দের কাউকে নিয়োগ দিতে প্রশ্নের বই নিয়ে এখানে এসেছেন। যার নিজের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে, তিনি কিভাবে নিরপেক্ষ থেকে প্রধান শিক্ষক নিয়োগ দিতে এসেছেন ? শিক্ষা কর্মকর্তার উপস্থিতির পর বিদ্যালয়ে আসেন কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান। তিনি নিয়োগ বোর্ড কর্তৃপক্ষ ও সাংবাদিকদের বলেন, জানতে পারলাম লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদন করেছেন আনোয়ার হোসেন। তিনি কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিধি অনুয়ায়ী একটি স্কুলের প্রধান শিক্ষক অন্য স্কুলের প্রধান শিক্ষক পদে আবেদন করবার আগে পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির নিকট থেকে এনওসি (নো অবজেকশান সার্টিফিকেট) নিয়ে আবেদনের সাথে জমা দিতে হয়। আমিতো আনোয়ার হোসেন স্যারকে এনওসি দেইনি। তাহলে কিভাবে তিনি আবেদন করলেন। উপস্থিত ডিজি প্রতিনিধি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ নিয়োগ বোর্ড কর্তৃপক্ষ আবেদনকারীদের আবেদন পুনরায় দেখেন। এসময় কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মতিয়ার রহমান কর্তৃক শিক্ষক আনোয়ার হোসেনকে এনওসি প্রদানের সার্টিফিকেট দেখালে মতিয়ার রহমান বলেন, ওই এনওসির স্বাক্ষর আমার না। কাগজপত্র দেখতে গিয়ে জানা যায়, লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদন করেছেন। কিন্তু তিনিও এনওসি জমা দেননি। অবশ্য কেএম রেজাউল ইসলাম জানান, তিনি এনওসি জমা দিয়েছেন। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ বদরুল আলম অভিযোগ করে আরো বলেন, নিয়োগ পরীক্ষার কদিন আগে প্রার্থী কেএম রেজাউল ইসলাম নিজেই জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে একান্তে দেখা করেছেন। বিষয়টি দৃষ্টিকটু ও সন্দেহজনক। তেমনি কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মতিয়ার রহমানের বড় ভাইয়ের স্ত্রী মোছা. তামান্না খানম প্রধান শিক্ষক পদে প্রার্থী। তাই ওই দুজনে নিয়োগ নিয়ে ষড়যন্ত্র করেছেন। আমাকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান হুমকিও দিয়েছেন। নিরাপত্তার অভাব বোধ করে আমি নিয়োগ পরীক্ষা স্থগিত করেছি। কাশিপুর ইউপি চেয়ারম্যান লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান হুমকির বিষয়ে সাংবাদিকদের বলেন, আমি নিয়োগ বোর্ডের কাছে দাবি জানিয়েছি নিরপেক্ষভাবে যেন শিক্ষক নিয়োগ করা হয়। নিয়োগে অনিয়ম করা হলে প্রতিবাদ তো সকলেই করবে। হুমকি কেনো দেবো। নিয়োগ বোর্ডের অন্যতম সদস্য ডিজির প্রতিনিধি জাকির হোসেন সিকদার বলেন, নিয়োগ বোর্ডের বাইরে অন্য কারো উপস্থিতি থাকলে তো আমরা প্রভাবিত হতেই পারি। আমরা বই থেকে প্রশ্ন করবো নাকি মাথা থেকে প্রশ্ন করবো সে ব্যাপারে তো কেউ আমাদের গাইডলাইন দিতে পারবে না। নিয়োগ বোর্ড নিয়োগের সুপারিশ করবে। কিন্তু নিয়োগ দেবে পরিচালনা পরিষদ। সার্বিক বিষয় নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।