বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: সংগ্রাম, সাফল্য ও নতুন বাংলাদেশের প্রত্যয়ে পাঁচ দিনের কর্মসূচি

0
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

মাসুদ রানা বাবু, লোকসমাজ : “লাখো শহীদের রক্তে রাঙানো পবিত্র এই দেশে, ফুটবে নতুন আশার আলো সোনালী ধানের শীষে”— এই প্রতিপাদ্য সামনে রেখে আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

১৯৭৮ সালের এই দিনে ঢাকার তৎকালীন রমনা রেস্টুরেন্টে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির প্রতিষ্ঠা করেন। প্রায় পাঁচ দশকের পথচলায় নানা রাজনৈতিক উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার মধ্য দিয়ে বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও দলটির সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত হয়েছে।

দলটির নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর বিএনপি বর্তমানে গণতান্ত্রিক পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। তারা দাবি করেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দলটির নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে রাজপথে সক্রিয় ছিলেন এবং নানা ধরনের রাজনৈতিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন।

বিএনপির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের নেতৃত্বে দলের উত্থান। প্রতিষ্ঠার মাত্র কয়েক মাস পর ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠন করে। পরবর্তীতে ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হলে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন।

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করে।

দলটির নেতাকর্মীরা মনে করেন, দেশের বিভিন্ন সংকট, দুর্যোগ ও জাতীয় ইস্যুতে বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে সারাদেশে পাঁচ দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, গণসংযোগ, র‌্যালি ও বিভিন্ন সামাজিক কর্মসূচিসহ নানা কর্মসূচি পালিত হবে।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীরা নতুন উদ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।