বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হন এবং নানা ধরনের বর্ণাঢ্য স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত দলীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র রক্ষা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকারসহ সার্বিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতা ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।