রোহিঙ্গা ক্যাম্পে নিজস্ব মুদ্রা রাষ্ট্রের জন্য হুমকি: ন্যাপ

0

লোকসমাজ ডেস্ক॥ একটি স্বাধীন সার্বভৌম দেশের ভেতরে মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন আরসা রোহিঙ্গা ক্যাম্পে তাদের মুদ্রা ছড়িয়ে দেওয়ার বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে অন্য কোনো মুদ্রা চালু করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আশ্রিত রোহিঙ্গারা এই রাষ্ট্রদ্রোহিতা করার দুঃসাহস পায় কী করে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ সব কথা বলেন।
ন্যাপ নেতারা বলেন, একসঙ্গে এতো সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সীমিত সম্পদ ও অতি অপ্রতুল বাসযোগ্য ভূখণ্ড সত্ত্বেও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়। তারা এখন নিজস্ব মুদ্রা চালুর মত ধৃষ্টতা দেখাচ্ছে। রোহিঙ্গারা আক্ষরিক অর্থেই বাংলাদেশের জন্য নানা ক্ষতিকর কাজে লিপ্ত হয়ে অকৃতজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা আরও বলেন, রোহিঙ্গা শিবিরগুলো হত্যা, ধর্ষণ, মানবপাচার, চাঁদাবাজি, অস্ত্রোপচার ও মাদকপাচারের ভয়ংকর আখড়ায় পরিণত হয়েছে। রোহিঙ্গা দুর্বৃত্তরা এ দেশের মানুষকেও হত্যা করছে। পাসপোর্ট, এনআইডি জালিয়াতি করে, এমনকি বিদেশে গিয়ে বাংলাদেশের জন্য হুমকি সৃষ্টি করছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের সঙ্গে বাঙালিরাও মিলেমিশে মাদক, অস্ত্র ও মানবপাচারের ভয়াবহ সিন্ডিকেট গড়ে তুলেছে। রোহিঙ্গা শিবিরে অস্ত্রের চাহিদা এতোই বাড়ছে যে বাইরে থেকে আসা অবৈধ অস্ত্রে চাহিদা পূরণ হচ্ছে না। তাই রোহিঙ্গা শিবিরের পাহাড়েও অস্ত্রের কারখানা গড়ে তোলা হয়েছে। ন্যাপ নেতারা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে এমন মুদ্রা প্রচলনের বিষয়টি বাংলাদেশের জন্য হুমকি। সাধারণত কোনো দেশ প্রতিষ্ঠা লাভের পর তার নিজের মুদ্রা চালু করে থাকে। একটি জঙ্গি সংগঠন কেন মুদ্রা প্রচলন করলো? বিষয়টি সন্দেহজনক। বাংলাদেশ সরকারের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। মুদ্রা প্রচলনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জেবেল রহমান গানি ও গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসার নতুন মুদ্রা দিয়ে লেনদেন শুরু হওয়া কোনো ভালো লক্ষণ নয়। একই সাথে মুদ্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ ছাড়া অন্য কিছুই নয়।